Something went wrong

কোথাও মিছিল না করতে নির্দেশ দিয়েছেন শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৫ এ ৪:১৮ এএম
ডাকসু নির্বাচনে বিজয়ের পর কোথাও মিছিল না করার নির্দেশ দিলেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। ছবি:সংগৃহীত

ডাকসু নির্বাচনে বিজয়ের পর কোথাও মিছিল না করার নির্দেশ দিলেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বড় ধরনের বিজয় অর্জন করেছেন। ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ছাত্রদল ও অন্যান্য প্যানেলের প্রার্থীরা ভরাডুবির মুখে পড়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপি ও জামায়াত-শিবির সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকলেও কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।

এমন প্রেক্ষাপটে বিজয়ের পরেও সারা দেশে কোনো মিছিল না করার নির্দেশ দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা দেন।

তার পোস্টে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারা দেশে কোথাও কোনো বিজয় মিছিল করব না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হব না, বরং উদার ও বিনয়ী হয়ে থাকব।”

তিনি আরও বলেন, “স্বপ্নের ক্যাম্পাস গড়ার যাত্রায় আমরা থামব না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।”

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবিরের সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ এবং শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট।

জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট, আর প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এজিএস পদে শিবিরের মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

Advertisement
Advertisement