Something went wrong

২০২৫ সালে সংখ্যালঘু-সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক: সরকার

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১৯ জানুয়ারী, ২০২৬ এ ১১:০১ এএম
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে

২০২৫ সালে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে জড়িত মোট ৬৪৫টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এর মধ্যে ৭১টি ঘটনাকে সাম্প্রদায়িক এবং বাকি ৫৭৪টিকে অসাম্প্রদায়িক বা সাধারণ অপরাধ হিসেবে চিহ্নিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১৯ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরের এক বছরের পর্যালোচনার ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর), সাধারণ ডায়েরি (জিডি), চার্জশিট এবং দেশব্যাপী তদন্তের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি ঘটনাই উদ্বেগজনক হলেও অধিকাংশই সাম্প্রদায়িক নয়, বরং অপরাধমূলক।

প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত ৭১টি ঘটনার মধ্যে মন্দির ভাঙচুরের ঘটনা ৩৮টি, অগ্নিসংযোগ ৮টি, মন্দিরে চুরি ১টি, হত্যাকাণ্ড ১টি এবং অন্যান্য ২৩টি ঘটনা রয়েছে। এসব ঘটনায় ৫০টি মামলা দায়ের হয়েছে এবং ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, ৫৭৪টি অসাম্প্রদায়িক ঘটনার মধ্যে রয়েছে অস্বাভাবিক মৃত্যু ১৭২টি, চুরি ১০৬টি, ধর্ষণ ৫৮টি, প্রতিবেশী বিরোধ ৫১টি, ভূমি বিরোধ ২৩টি, পূর্ব শত্রুতা ২৬টি এবং অন্যান্য অপরাধ ১৩৮টি। এসব ঘটনায় ৩৯০টি নিয়মিত মামলা ও ১৫৪টি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৪৯৮ জনকে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘুদের সঙ্গে জড়িত অধিকাংশ ঘটনা ধর্মীয় বিদ্বেষ নয়, বরং ভূমি বিরোধ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত শত্রুতা, চুরি ও সামাজিক সংঘাত থেকে উদ্ভূত। সঠিক শ্রেণিবিন্যাস ভুল তথ্য প্রতিরোধে সহায়ক এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

প্রেস উইং জানায়, বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীর সমান অধিকারের দেশ। প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

সরকারের মতে, সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। উন্নত পুলিশিং, গোয়েন্দা তৎপরতা এবং দ্রুত প্রতিক্রিয়া অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement
Advertisement