১০ লাখ তরুণকে আইসিটি খাতে যুক্ত করবে সরকার

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:৪৭ পিএম
টাঙ্গাইলে সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরের সাথীর মোড় থেকে মির্জাবাড়ী পর্যন্ত ৭০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চাকরি সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণদের প্রযুক্তি খাতে যুক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় তরুণ প্রজন্মকে আইসিটি খাতে দক্ষ করে তুলতে সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসংস্থান ও স্টার্টআপ সহায়তার মাধ্যমে তাদের সম্পৃক্ত করা হবে।” তিনি জানান, দেশে প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ইন্টারনেট সেবার মানোন্নয়নের বিষয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ হাই-স্পিড জোন—যেমন রেলস্টেশন ও বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের বাড়ি বাড়ি ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি হাইটেক পার্কগুলোতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগও জোরদার করা হয়েছে।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী মধুপুর ও ধনবাড়ী উপজেলাকে নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। খাল খনন কার্যক্রম সারা দেশের মতো এ এলাকাতেও বাস্তবায়নের কথা জানান।

এছাড়া ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরুর বিষয়টিও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মির্জা জুবায়ের হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সড়ক উদ্বোধনের পর তিনি মধুপুর ও ধনবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দুই দিনের সরকারি সফর শেষে রাতে ঢাকায় ফেরেন। মন্ত্রিত্ব পাওয়ার পর এটিই ছিল এলাকায় তার প্রথম সরকারি সফর।