রমজান উপলক্ষে আজ থেকে ৩৯ দিনের ছুটিতে কলেজ-মাদ্রাসা

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:৩৮ এএম
রমজান ও ঈদুল ফিতর ছুটি মিলিয়ে ৩৯ দিন বন্ধ কলেজ-মাদ্রাসা। ছবি: সংগৃহীত

রমজান ও ঈদুল ফিতর ছুটি মিলিয়ে ৩৯ দিন বন্ধ কলেজ-মাদ্রাসা। ছবি: সংগৃহীত

পবিত্র রমজানকে কেন্দ্র করে আজ বুধবার থেকে দেশের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসায় শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে। তবে স্কুল পর্যায়ে কবে থেকে ছুটি কার্যকর হবে—তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কৌতূহল রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের বর্ষপঞ্জি ও ছুটির তালিকা থেকে জানা যায়, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এর সঙ্গে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের এক দিনের ছুটি যুক্ত হয়েছে।

পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ৩৯ দিনে। সে হিসেবে ২৯ মার্চ, রোববার থেকে কলেজগুলোতে ক্লাস কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।

বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। এছাড়া দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন বন্ধ থাকবে কলেজ। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া প্রতিবছরের মতো এ বছরও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এসব ছুটি প্রদান করতে পারবেন।