মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: শাহজালাল বিমানবন্দরে ৫৪টি ফ্লাইট বাতিল

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১ মার্চ, ২০২৬ এ ৮:৪৮ এএম
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪টি ফ্লাইট বাতিল। প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ ব্যাহত। ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪টি ফ্লাইট বাতিল। প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ ব্যাহত। ছবি সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে এসব ফ্লাইট স্থগিত করা হয়।

রোববার সকালে সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য জানান। তবে ফ্লাইট চলাচল কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি তিনি উল্লেখ করেননি।

বিমানবন্দর সূত্র জানায়, আকাশসীমা বন্ধ ঘোষণার পরপরই ২৭টি ফ্লাইট বাতিল হয়, যার ফলে প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। পরবর্তী সময়ে আরও ফ্লাইট স্থগিত হওয়ায় মোট বাতিলের সংখ্যা দাঁড়ায় ৫৪টিতে।

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের মধ্যে অনেকেই প্রবাসগামী ছিলেন। তাদের একটি অংশের থাকার ব্যবস্থা করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অন্যরা নিজ নিজ বাড়ি বা গ্রামে ফিরে গেছেন। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ফ্লাইট সূচি স্বাভাবিক হলে যাত্রীদের মোবাইল ফোনে জানানো হবে।

বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুনরায় চালু হলে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।