মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: প্রবাসীদের নিরাপত্তা জানতে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১ মার্চ, ২০২৬ এ ৯:২৯ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি প্রবাসীদের অবস্থা, নিরাপত্তা ঝুঁকি ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত জানতে চান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আতিকুর রহমান বলেন, “ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত খোঁজ নিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি জানান, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সহায়তা ও ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা সক্রিয়ভাবে কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীও আটকে পড়া যাত্রীদের সহায়তায় সমন্বয় কার্যক্রমে যুক্ত রয়েছেন।

সরকারি সূত্র বলছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে।