৪৪তম বিসিএস নন-ক্যাডার ফল প্রকাশ, ৪১৩৬ জনের মনোনয়ন

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:০১ এএম
৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে ৪১৩৬ জনকে মনোনয়ন দিয়েছে পিএসসি। ছবিঃ সংগৃহীত

৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে ৪১৩৬ জনকে মনোনয়ন দিয়েছে পিএসসি। ছবিঃ সংগৃহীত

৪৪তম বিসিএস পরীক্ষা–২০২১ উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ অনুযায়ী মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে নিয়োগ কার্যকর হবে। মনোনীতদের বড় একটি অংশ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম গ্রেডে পদায়ন পাচ্ছেন। এর মধ্যে খাদ্য অধিদপ্তর-এ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তর-এ সাব-রেজিস্ট্রার পদে ৮ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এ সহকারী পরিচালক পদে ২৯ জন মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া পাসপোর্ট অধিদপ্তর-এ ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর-এ ঔষধ তত্ত্বাবধায়ক পদে ১৯ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ১০ম গ্রেডে বড় অংশ নিয়োগ পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড-এর অধীনে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তর-এ মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনীত হয়েছেন।

তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু পদ শূন্যই থাকছে বলে জানিয়েছে পিএসসি। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা) পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

পিএসসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনীত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর সম্পন্ন করবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে। প্রার্থীদের দ্রুত নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪ হাজার জন, যাদের মধ্য থেকেই নন-ক্যাডার পদে এই মনোনয়ন দেওয়া হয়েছে।