সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা জানাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষে ফল প্রকাশের অপেক্ষায় প্রার্থীরা। ছবি সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশ হবে—এ নিয়ে দেশজুড়ে চলমান গুঞ্জনের বিষয়ে অবস্থান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর বলছে, এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক হয়নি; খাতা মূল্যায়ন শেষ হলেই দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক একে সামছুল আহসান জানান, ইসি বা সরকারের পক্ষ থেকে ফল প্রকাশের বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। তবে অধিদপ্তর সর্বোচ্চ চেষ্টা করছে যেন লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা যায়। তাঁর ভাষায়, “খাতা দেখার কাজ শেষ হলে দেরি না করে ফল প্রকাশ করা হবে।”
২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর নানা তথ্য ছড়ানো হচ্ছে। বাস্তবে কোনো নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। ঠিক কবে ফল প্রকাশ হবে—এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ফল প্রকাশ বন্ধ থাকবে বা পরীক্ষা বাতিল হবে—এ ধরনের প্রচারণা সঠিক নয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী, যা সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহৎ নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত।
পরীক্ষার আগে ও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ এবং অনিয়মের গুঞ্জন ছড়ায়। পাশাপাশি ‘ডিভাইস পার্টি’ নামে পরিচিত একটি চক্র পরীক্ষার্থীদের সঙ্গে অর্থের বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের সহায়তা দেয়—এমন অভিযোগ ওঠে। এ ঘটনায় বিভিন্ন জেলায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে আটক করা হয়।
এ নিয়ে পরীক্ষা বাতিলের দাবিতে চাকরিপ্রার্থীদের একটি অংশ আন্দোলনেও নামেন। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দাবি, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে পরীক্ষা বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সব মিলিয়ে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা নাকচ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, খাতা মূল্যায়ন শেষ হলেই ফল প্রকাশ করা হবে এবং প্রার্থীদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।










