নির্বাচনে ম্যাজিস্ট্রেট সংকট, পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫ এ ২:৪৮ পিএম
নির্বাচন ভবনে ডিসি-এসপি ও নির্বাচন কমিশনের যৌথ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

নির্বাচন ভবনে ডিসি-এসপি ও নির্বাচন কমিশনের যৌথ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সম্মেলনে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সেখানে পুলিশ সুপাররা বলেন, নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে মাঠে পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও আইনগত ব্যবস্থা গ্রহণে জটিলতা তৈরি হয়। তাই ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো জরুরি।

পুলিশ কর্মকর্তারা জানান, নিয়মিত অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তার করা হলেও যানবাহন ও জনবল সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই দিনে একাধিক নির্বাচন হলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। এসব বাস্তবতায় নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জনবল ও লজিস্টিক সহায়তা প্রয়োজন।

তারা আরও বলেন, নির্বাচনের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে আসা-যাওয়ায় পুলিশের সহায়তা চাওয়া হয়। এ ক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের যুক্ত করা হলে পুলিশের ওপর চাপ কমবে এবং ভোটার সেবাও বাড়বে।

পুলিশ সুপারদের অভিযোগ, আগের নির্বাচনগুলোতে পুলিশের জন্য বরাদ্দ বাজেট পর্যাপ্ত ছিল না এবং তা বৈষম্যমূলক ছিল। আসন্ন নির্বাচনে বাজেট বাড়ানোর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট সংখ্যা বৃদ্ধি ও বিকল্প হিসেবে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়।

সম্মেলনে জেলা প্রশাসকরা বলেন, মাঠপর্যায়ে এখনো যে বৈধ অস্ত্র রয়েছে, সেগুলো দ্রুত জমা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা দরকার। দুর্গম এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার সুবিধা দেওয়া এবং সীমান্ত জেলাগুলোতে নিরাপত্তা জোরদারের প্রস্তাবও আসে। তারা জানান, অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গুজব ছড়ানো এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ হতে পারে।

সম্মেলনে উত্থাপিত দাবিগুলো এখন নির্বাচন কমিশনের বিবেচনায় রয়েছে। কমিশন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সময়োপযোগী ব্যবস্থা নেওয়া হলে নির্বাচনী নিরাপত্তা ও ভোটের পরিবেশ আরও শক্তিশালী হবে।