ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৯৬ আসনের গেজেট প্রকাশ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য বণ্টন নিয়ে আলোচনা চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত ফল অনুযায়ী দল ও জোটভিত্তিক আসনসংখ্যার ভিত্তিতে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য বণ্টন চিত্রও সামনে এসেছে। কমিশনের তথ্য বলছে, ৩৫টি সংরক্ষিত নারী আসন বিএনপি জোট এবং ১৩টি জামায়াত জোট পেতে পারে।
গেজেট অনুযায়ী, এককভাবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং এনসিপি পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস—প্রতিটি একটি করে আসন অর্জন করেছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।
সংসদের বিধান অনুযায়ী, একটি সংরক্ষিত নারী আসন পেতে কমপক্ষে ছয়জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। সে হিসেবে আসনসংখ্যা বিবেচনায় বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট সংরক্ষিত নারী আসনে তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে পারে।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও কোনো জোটে যুক্ত হলে সংরক্ষিত নারী আসন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে স্বতন্ত্র সদস্যরা যদি কোনো নির্দিষ্ট জোটে যোগ দেন, তাহলে সংরক্ষিত আসনের হিসাবেও পরিবর্তন আসতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৯৬টি আসনের গেজেট প্রকাশের ভিত্তিতে বিএনপি জোট মোট ২১১টি, জামায়াত জোট ৭৪টি এবং স্বতন্ত্ররা সাতটি আসন পেয়েছে। ফলে চূড়ান্ত জোটগত অবস্থান অনুযায়ী সংরক্ষিত নারী আসনের আনুষ্ঠানিক বণ্টন নির্ধারিত হবে।










