জাতীয় নির্বাচন সামনে রেখে ১৫৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:২২ এএম
নির্বাচনের আগে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন বাংলাদেশ পুলিশের ১৫৩ কর্মকর্তা।

নির্বাচনের আগে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন বাংলাদেশ পুলিশের ১৫৩ কর্মকর্তা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশ পুলিশের ১৫৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে কর্মরত এসব কর্মকর্তাকে ইন্সপেক্টর পদে উন্নীত করা হয়েছে।

রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির অনুমোদন দেওয়া হয়। যদিও প্রজ্ঞাপনগুলো রোববার স্বাক্ষরিত হয়, বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১০০ জন কর্মকর্তা। একই সঙ্গে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে উন্নীত হয়েছেন আরও ৪৭ জন।

এ ছাড়া পুলিশ সার্জেন্ট পদে কর্মরত ৬ জন কর্মকর্তাকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলোতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও বর্তমান কর্মস্থল উল্লেখ করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আগমুহূর্তে পুলিশের এ পদোন্নতিকে প্রশাসনিক রুটিন কার্যক্রম হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল। নির্বাচনকালীন দায়িত্ব পালনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।