গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য মন্ত্রী

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৭:৪৫ এএম
সাংবাদিকদের পক্ষ থেকে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন কে ফুল দিয়ে শুভেচ্ছা। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের পক্ষ থেকে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন কে ফুল দিয়ে শুভেচ্ছা। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, সরকার গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রী তাঁর নির্বাচনি এলাকা আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সরকার এই দায়িত্ব পালন করতে সাংবাদিকদের সবসময় সহযোগিতা করবে।

সভায় আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, এইচএম মাসুম ও সাধারণ সম্পাদক নাজমুল রিপন প্রমুখ।

উপস্থিত ছিলেন আরও কেএম আজাদ রহমান, আকাশ মাহামুদ, সাইফুল মৃধা, সবুজ সরদার, মানিক মোল্লা সহ অন্যান্য সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

সভা শেষে সাংবাদিকরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রী সাংবাদিকদের সেবা ও তথ্যপ্রদানে সরকারের সহযোগী ভূমিকার প্রতি পুনরায় গুরুত্ব আরোপ করেন।