বাজুসের নতুন সিদ্ধান্তে স্বর্ণ-রুপার দাম বাড়ল


নতুন সিদ্ধান্তে ভরিতে ৩,২৬৬ টাকা বেড়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত
দেশের স্বর্ণবাজারে ১১ ঘণ্টারও কম ব্যবধানে আবারও দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। নতুন এ দর রোববার (১ মার্চ) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। আর সনাতনী পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।
একই সঙ্গে রুপার দামও নির্ধারণ করেছে সংগঠনটি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম রাখা হয়েছে ৬ হাজার ৯৯৮ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৭০৭ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। সনাতনী রুপার প্রতি ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নতুন মূল্য তালিকা কার্যকর থাকবে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও স্থানীয় চাহিদা-সরবরাহ বিবেচনায় সময় সময় স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হয় বলে সংগঠনটির সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে ধারাবাহিক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। ফলে বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যে নতুন দর নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারের প্রবণতা অনুযায়ী আরও সমন্বয় আসতে পারে।










