২৩ ফেব্রুয়ারি ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম: আজ থেকে কার্যকর নতুন দর

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
২৩ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:৩০ এএম
স্বর্ণ। ছবি: সংগৃহীত

স্বর্ণ। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম):

  • ২২ ক্যারেট: ২,৬১,০৪০ টাকা

  • ২১ ক্যারেট: ২,৪৯,১৪৩ টাকা

  • ১৮ ক্যারেট: ২,১৩,৫৬৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৭৪,৭৮৫ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, ২১ ফেব্রুয়ারি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২০ দফা দাম বেড়েছে এবং ১২ দফা কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়—যার মধ্যে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমেছে।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম—

  • ২২ ক্যারেট: ৬,৭০৭ টাকা

  • ২১ ক্যারেট: ৬,৪১৫ টাকা

  • ১৮ ক্যারেট: ৫,৪৮২ টাকা

  • সনাতন পদ্ধতি: ৪,০৮২ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ১৮ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১১ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।