Something went wrong

প্রাকৃতিক দুর্যোগ এর কারনে লামার ৭৫টি রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই, ২০২৫ এ ১০:৪৯ এএম
লামার রিসোর্ট । ছবি সংগৃহীত

লামার রিসোর্ট । ছবি সংগৃহীত

টানা ভারী বর্ষণে প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামা উপজেলার প্রায় ৭৫টি রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দীন জানান, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে পাহাড়ি ঢালুতে নির্মিত রিসোর্টগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। তাই মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্থলের রিসোর্টগুলো আজ ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও রিসোর্টগুলো খুলে দেওয়া হবে।

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ৭ জুলাই থেকে ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও আগামী শুক্র ও শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে আগামী ১৩ জুলাই (রবিবার) থেকে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, বর্ষা মৌসুমে বান্দরবানে প্রতি বছরই পাহাড় ধস, নিম্নাঞ্চল প্লাবন এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটে, যার ফলে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ঝুঁকির মুখে পড়ে।


আজকের প্রথা/মে-হা

Advertisement
Advertisement