আজকের স্বর্ণের দাম: ৮ ফেব্রুয়ারি ২০২৬

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:৪৪ এএম
স্বর্ণ। ছবি: সংগৃহীত

স্বর্ণ। ছবি: সংগৃহীত

টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা কমে আসায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় এবং দেশীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে রোববার সকাল থেকেই দেশের সব জুয়েলারি দোকানে এই হালনাগাদ মূল্য কার্যকর হয়েছে।

২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও আনুপাতিক হারে কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এতে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামে ভিন্ন ভিন্ন হারে সমন্বয় এসেছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে ২৬ বারের মতো স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১০ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও স্থানীয় চাহিদা-যোগানের প্রভাব আগামী দিনগুলোতেও স্বর্ণের দামে পরিবর্তন আনতে পারে। বাজুস জানিয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী দাম সমন্বয় করা হবে।