Something went wrong

রংপুরে ৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

রংপুর (জেলা) প্রতিনিধি
রংপুর (জেলা) প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:৩৩ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে ৫ মাস বয়সী নিজ শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মা তুলসী রানী পুতুলের বিরুদ্ধে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুলসী রানী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে আজ চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার কথা ছিল। নিহত শিশুর বাবা স্থানীয় হোটেলের কর্মচারী বাবুলাল (৩৫)। তাদের দাম্পত্য জীবনে আরও একটি ৫ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। তুলসীর বাবার বাড়ি সৈয়দপুরের আদানীর মোড়ের দলুয়া বাড়ি এলাকায়।

শিশুর দাদি পাতানি বালা শোকাহত কণ্ঠে বলেন, “ছেলের বউ তুলসী কিছুদিন ধরেই মানসিকভাবে অসুস্থ। আজ সকাল ৬টায় আমি নাতনিকে দুধ খাওয়াতে বলি। সে ঘরে ঢুকে এই ফুটফুটে ৫ মাস বয়সী নাতনিকে রান্না কাজে ব্যবহৃত ছুরির মাধ্যমে হত্যা করে উঠানে ফেলে দেয়। আমরা কেউ কল্পনাও করতে পারি না যে সে এমন ভয়াবহ কাজ করবে।”

প্রতিবেশী আজো বালা বলেন, “কিছুদিন ধরেই তুলসী মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। দুই-তিন দিন ধরে সে নিজে খান না, শিশুটিকেও খাওয়ান না। প্রতিবেশীরা যখন খাওয়ানোর চেষ্টা করত, আজ তার হাতেই শিশুটি প্রাণ হারাল।”

ঘটনার পর তুলসী নিজেই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আজকে কিছু হয়নি। বাচ্চাটা আমি নিজে মারলাম। বাচ্চা হওয়ার পর থেকে আমি ভালোভাবে রান্না করতে পারি না। আরও একটি মেয়ে আছে, তার সেবায় যত্ন করতে পারি না। তাই এ কাজ করেছি।”

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করেছে এবং তুলসী রানীকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুর মা নিজে হত্যা করার কথা স্বীকার করেছেন। পুলিশ এই ঘটনার বিষয়ে গভীর তদন্ত করছে।

Advertisement
Advertisement