Something went wrong
নেছারাবাদে ডাকযোগে চাঁদার দাবি

দুই জামায়াত নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি

পিরোজপুর (জেলা) প্রতিনিধি
পিরোজপুর (জেলা) প্রতিনিধি
১৮ আগস্ট, ২০২৫ এ ১১:৩৯ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডাকযোগে চিঠি পাঠিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সংশ্লিষ্ট দুই নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় আতঙ্কিত ভুক্তভোগীরা পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

শনিবার (১৬ আগস্ট) উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান ডাকযোগে একটি রেজিস্ট্রিকৃত চিঠি পান। চিঠিতে তাকে জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। খামের প্রেরকের নাম দেওয়া হয় “মো. কবির মিয়া” এবং ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রাম। 

এর আগে গত বুধবার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামও ডাকযোগে হুমকিমূলক চিঠি পান। চিঠিতে তাকে রাজনীতি ছাড়তে বলা হয়। খামের প্রেরকের নাম উল্লেখ করা হয় নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা মো. জাহিদ সিকদার।

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামী স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, “আমাদের ইউনিয়নের দুই নেতা ডাকযোগে চিঠি পেয়ে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদার দাবির শিকার হয়েছেন। আমরা চিঠিতে দেওয়া নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।”

নেছারাবাদ থানা পুলিশের ওসি মো. বনি আমিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। চিঠিতে দেওয়া মোবাইল নম্বর ট্র্যাক করে দেখা গেছে, এগুলোর অবস্থান চট্টগ্রামে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
 

Advertisement
Advertisement