Something went wrong

ঘাটাইলে নিখোঁজের দুই দিন পর কূপ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
২৬ আগস্ট, ২০২৫ এ ৫:৩১ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিখোঁজের দুই দিন পর আনোয়ারা বেগম (৬৮) নামে এক বিধবার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের দেউলাবাড়ি গ্রামে একটি পরিত্যক্ত কূপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা স্থানীয় মৃত আব্দুস সালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আনোয়ারা বেগম একাই বাড়িতে বসবাস করছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মো. লিটন সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে স্ত্রী-সন্তান নিয়ে সেখানে থাকেন। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় আনোয়ারা প্রায় একাই বাড়িতে বসবাস করছিলেন। দুই দিন আগে হঠাৎ করে তিনি নিখোঁজ হন।

আত্মীয়স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাননি। পরে বিষয়টি লিটনকে অবহিত করা হয়। খবর পেয়ে লিটন দ্রুত গ্রামে এসে আত্মীয়স্বজনদের সঙ্গে সম্ভাব্য স্থানে খোঁজ চালান। অবশেষে বাড়ির পাশের একটি পরিত্যক্ত কূপ থেকে দুর্গন্ধ ছড়ালে গ্রামবাসী সেখানে খড়কুটো দিয়ে আড়াল করা অবস্থায় আনোয়ারার লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই শাকের মিয়া বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের ছেলে মো. লিটন দাবি করেন, তার মায়ের মৃত্যু পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, “আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ স্পষ্ট হবে।”

Advertisement
Advertisement