Something went wrong

একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৩ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:৫২ এএম
কক্সবাজারে নির্বাচনি পথসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

কক্সবাজারে নির্বাচনি পথসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে কার্যত ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। তিনি বলেন, এই কৌশল দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই মেনে নেবেন না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, জামায়াত একটি সাইনবোর্ড দেখানোর মতো করে একজন মুক্তিযোদ্ধাকে সামনে এনে নিজেদের অবস্থান বদলানোর চেষ্টা করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আজ যদি এই অপচেষ্টা মেনে নেওয়া হয়, ভবিষ্যতে এমন কথাও শোনা যেতে পারে যে জামায়াতে ইসলামী নাকি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।” তার মতে, এটি ইতিহাস বিকৃতির ধারাবাহিক অংশ।

তিনি আরও অভিযোগ করেন, দেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি পরিকল্পিত চেষ্টা চলছে। তার ভাষায়, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার দায়িত্ব নিতে চাচ্ছে। তিনি জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তি ছড়ানো নতুন কিছু নয়। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে ইতিহাস বিকৃতি স্বাভাবিক। তবে দেশের জনগণ প্রকৃত ইতিহাস জানে এবং এই প্রতারণা মেনে নেবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশের সব দেশপ্রেমিক মানুষ এবং স্বাধীনতার পক্ষের শক্তি এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি ও মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে শালীন কিন্তু দৃঢ় প্রতিবাদ জানানো নিজেদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীকে ঘিরে আরেকটি অভিযোগ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি তারা নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর তুলনা এবং নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব বাস্তবে নারীবান্ধব নয়, বরং নারীদের কর্মসংস্থান ধ্বংসের একটি পরিকল্পনা বলেও মন্তব্য করেন তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

Advertisement
Advertisement